২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে শিশু ধর্ষণের অভিযোগ

শেরপুর সদর উপজেলায় ১২ বছরের এক শিশুকে ধর্ষণের পর গ্রাম্য সালিশে মীমাংসা করার অভিযোগ পাওয়া গেছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2016, 12:29 AM

Updated : 20 Aug 2022, 01:49 PM

শনিবার বিকালে শিশুর বাবা বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন বলে জানান পরিদর্শক (তদন্ত) বিপ্লব কুমার বিশ্বাস।

শিশুটির বাড়ি উপজেলার বালাইয়েরচর ইউনিয়নের একটি গ্রামে।

অভিযোগ আনা হয়েছে উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের খাসপাড়া গ্রামের জয়নাল মিয়ার ছেলে শামিমসহ (১৮) চারজনের বিরুদ্ধে।

জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান বলেন, মঙ্গলবার ধর্ষণের ঘটনার পর এলাকার মাতব্বররা সালিশ বসিয়ে ২০ হাজার টাকা জরিমানা করে মেয়েটির পরিবারকে সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য করে।

“পরে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীম আরাসহ আমরা ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করাই।”

পরিদর্শক মামলার বরাত দিয়ে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন তার বাবা। এ ঘটনায় শামিমসহ চারজনকে আসামি করে মামলা হয়েছে।

পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানান পরিদর্শক বিপ্লব।