খুলনায় ব্যাংকের অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার
ব্যাংক থেকে নেওয়া টাকা পরিশোধ না করার অভিযোগ পেয়ে খুলনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
নগরীর খালিশপুরের চিত্রালী বাজার এলাকার বাড়ি থেকে মুজিবর রহমান খান নামের ওই ব্যবসায়ীকে শনিবার গ্রেপ্তার করা হয়।
রোববার বিকালে খুলনা মহানগর হাকিম আয়েশা আক্তার মৌসুমীর আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক শামীম ইকবাল জানান, মুজিবর রহমান খান গম আমদানির এলসির বিপরীতে প্রিমিয়ার ব্যাংক খুলনা শাখা থেকে ৮৭ কোটি টাকা গ্রহণ করেন। পরবর্তীতে সুদসহ ওই টাকার পরিমাণ দাঁড়ায় ১০২ কোটি টাকা।
“এর মধ্যে ৩৮ কোটি টাকা পরিশোধ করেন তিনি। অবশিষ্ট ৬৪ কোটি টাকা পরিশোধ না করায় প্রিমিয়ার ব্যাংক কেন্দ্রীয় কার্যালয় থেকে দুদক খুলনা কার্যালয়ে এ সংক্রান্ত একটি অভিযোগ পাঠানো হয় গত ১২ জুন।”
দুদক বিষয়টি তদন্ত করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।
এ ব্যপারে মুজিবর রহমান খানের ছোট ভাই আলতাফ হোসেন খান বলেন, সম্প্রতি ৩৯ হাজার মেট্রিক টন গম আমদানির পর তা প্রতি কেজিতে ১০ থেকে ১৫ টাকা করে লোকসান দিয়ে বিক্রি করতে হয়েছে, যে কারণে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে তার ভাইকে। তারপরও ৩৮ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। অবশিষ্ট টাকাও পরিশোধ করা হবে।
