চাঁদপুরে স্কুলছাত্র মিরাজ হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন
চাঁদপুরে স্কুলছাত্র মিরাজ মিয়া হত্যা মামলায় ছয়জনকে এক লাখ টাকা করে জরিমানাসহ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ বৃহস্পতিবার দুপুরে রায় ঘোষণা করেন।
আসামিদের মধ্যে আলী এরশাদ (৭৩) নামে একজন ছাড়া অন্যরা পলাতক রয়েছেন।
২০০০ সালের ৬ জুন মতলব উত্তর উপজেলার লামচরী এলাকার ফজলুল হকের ছেলে স্কুলছাত্র মিরাজ মিয়া (১৬) হামলার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সাইয়েদুল ইসলাম বাবু মামলার বরাত দিয়ে বলেন, মিরাজের বাবা ফজলুল হক প্রধানের সঙ্গে স্থানীয় সেলিম প্রধান গংদের জমির সীমানা নিয়ে বিরোধ ছিল। বিরোধের জেরে ২০০০ সালের ৬ জুন হামলা চালিয়ে মিরাজকে গুরুতর আহত করা হয়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় মিরাজের বাবা ফজলুল হক ওই দিনই ছয়জনকে আসামি করে মতলব উত্তর থানায় হত্যা মামলা দায়ের করেন বলে জানান আইনজীবী সাইয়েদুল।
তিনি বলেন, মামলায় ২২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক মামুনুর রশিদ ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি অন্য একটি ধারায় প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করেন।
জরিমানার টাকা জেলা প্রশাসকের মাধ্যমে নিহত মিরাজের বাবাকে দিতে হবে বলে জানান আইনজীবী সাইয়েদুল।
দণ্ডপ্রাপ্ত অন্য পাঁচ আসামি হচ্ছেন - একই গ্রামের সেলিম প্রধান (৩৫), হাশেম বেপারী (৪২), নান্নু (৪৬), মতিন মিয়া (২৮) ও মনোয়ারা বেগম (৪০)।
আসামিদের মধ্যে আলী এরশাদের পক্ষে মামলা পরিচালনা করেন কাজী হাবিবুর রহমান এবং পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী ছিলেন চৌধুরী আবুল কালাম আজাদ।
