যশোরের হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
যশোরে শহরের বারান্দীপাড়ার বিল্লাল হোসেন হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার যশোরের স্পেশাল জজ (জেলা জজ) আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন বারান্দী মোল্লাপাড়ার সিরাজুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম জিতু, তাকিয়ার রহমানের ছেলে সাখাওয়াত হোসেন ওরফে আব্দুর রহমান, বারান্দীপাড়া বটতলার লুৎফর রহমান বাবুর ছেলে শফিয়ার রহমান শফি ও ঝুমঝুমপুর উত্তরপাড়ার আবু তাহেরের ছেলে মিঠু।
এদের মধ্যে শরিফুল ইসলাম জিতু ছাড়া সবাই পলাতক রয়েছেন।
একইসঙ্গে আদালত প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ড দিয়েছে বলে জানান স্পেশাল পিপি এসএম বদরুজ্জামান পলাশ।
মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ২০০৮ সালের ৯ জুন সন্ধ্যায় আসামি শফি বাড়ি থেকে বিল্লালকে ডেকে নিয়ে যায়। পরে রাতে আবার সে বিল্লালের বাড়িতে গিয়ে খবর দেয় জিতু, সাখাওয়াত ও মিঠু তাকে মদ পান করিয়ে কুপিয়ে হত্যা করেছে।ওই রাতেই বারান্দীপাড়া পানির ট্যাংকির পাশে হাজী নেয়ামতের নির্মাণাধীন বাড়ির মধ্যে থেকে বিল্লালের লাশ উদ্ধার করা হয়।
“এ ঘটনায় পরদিন নিহতের বাবা হেলাল উদ্দিন বাদী হয়ে চারজনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।”
তদন্ত শেষে ২০০৯ সালের ১৮ জানুয়ারি চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
