গোয়েন্দা পুলিশ পরিচয়ে ছিনতাই, আটক ৩
ফেনীতে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের পর তিন জনকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে সদর উপজেলার মোহাম্মদ আলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদের আটক করা হয় বলে জানান ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান।
আটককৃতরা হলেন কাজী হেলাল উদ্দিন ওরফে কালা জাহিদ (৩৮), নিয়াজ মোর্শেদ রুমেল (৪০) ও জাহিদুল ইসলাম রুবেল (৩২)। তিনজনই ফেনী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।
পরিদর্শক শাহীনুজ্জামান বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশ পরিচয়ে ছিনতাই করে আসছিল। গত ২৭ সেপ্টেম্বর মহাসড়কের মোহাম্মদ আলী এলাকায় গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে চক্রটি একটি অটোরিকশার গতিরোধ করে পাঁচ যাত্রীর কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসেটসহ দেড়লাখ টাকার মালামাল ছিনিয়ে নেয়।
“ক্ষতিগ্রস্তরা থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে বুধবার দুপুরে তিন ভুয়া গোয়েন্দা পুলিশকে আটক করে।”
আটকৃতদের কাছ থেকে ছিনতাই করা ৫টি মোবাইল ফোন সেট, নগদ টাকা ও ওমানের মুদ্রা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
