২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রসূতির পেটে লাথির অভিযোগ, এএসআই প্রত্যাহার

গাজীপুরের টঙ্গীতে ঘুষের দাবিতে অন্তঃসত্ত্বা গৃহবধূর পেটে লাথি মেরে আহত করার অভিযোগ উঠেছে এক এএসআইয়ের বিরুদ্ধে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2016, 11:38 AM

Updated : 20 Aug 2022, 01:47 PM

ঘটনার পর মঙ্গলবার রাতে টঙ্গী থানার এএসআই মো. বিপ্লব হোসেনকে পুলিশলাইনে প্রত্যাহার করা হয়েছে বলে জানান ওসি ফিরোজ তালুকদার।

আহত গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৃহবধূর এক আত্মীয় সাংবাদিকদের বলেন, তার ভাগ্নি তিন মাসের অন্তঃসত্ত্বা। সোমবার রাত আড়াইটার দিকে এএসআই বিপ্লব মাদকবিরোধী অভিযান চালানোর নামে তার বাসায় হানা দেন। এ সময় তিনি তাকে মাদক ও যৌনকর্মী উল্লেখ করে তার কাছে ঘুষ দাবি করেন।

পাঁচ হাজার টাকা দেওয়ার পরও গৃহবধূর পেটে এএসআই লাথি মারেন বলে তিনি অভিযোগ করেন।

এএসআই তার স্বামীকেও মারধর করেন বলে তিনি অভিযোগ করেন।

টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুবুর রহমান বলেন, জহুরাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে তাকে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে তাকে টঙ্গীর আবেদা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়।

এএসআই বিপ্লব দাবি করেন, “ওই নারী একজন মাদক ব্যবসায়ী। তার স্বামী একজন চোর। স্বামীকে আটকের জন্য গিয়ে স্ত্রীকে ইয়াবা সেবন করা অবস্থায় পাই। জিজ্ঞাসাবাদ করলে তিনি অসুস্থতার কথা জানান। পরে আমি তাকে চিকিৎসার জন্য ২ হাজার ৫০০ টাকা দিয়ে চলে আসি।”

টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে এএসআই বিপ্লবকে মঙ্গলবার রাতে জেলা পুলিশলাইনে প্রত্যাহার করা হয়েছে।