ঘুঘু-তোতা-তক্ষক উদ্ধার, ২ জনের কারাদণ্ড
অবৈধভাবে বন্যপ্রাণী সংরক্ষণ ও বিক্রির অভিযোগে রাজধানীর শান্তিনগর এলাকায় দুই ব্যক্তিকে তিনমাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকালে র্যাব-৩ এর ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম এ আদেশ দেন।
দণ্ডিতরা হলেন- লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার পূর্বদীঘার আবুল হোসেনের ছেলে জসিম উদ্দিন (২৫) এবং পশ্চিম দীঘার মৃত সোনামিয়ার ছেলে মাসুদ আলম (৩৮)।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিক জানান, সন্ধ্যা ৬টার দিকে শান্তিনগর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বন্যপ্রাণী সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ওই দুইজনকে গ্রেপ্তার ও তাদের হেফাজত থেকে ৩৮টি তিলা ঘুঘু, একটি তক্ষক ও ২৬টি তোতা পাখি উদ্ধার করা হয়েছে।
“পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালত হয় এবং গ্রেপ্তার প্রত্যেককে তিনমাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়।”
