রাবির রহমতুন্নেছা হলে আবাসিক শিক্ষক তালাবদ্ধ
অসদাচরণের অভিযোগে হল থেকে অপসারণের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যায়ের রহমতুন্নেছা হলের এক আবাসিক শিক্ষককে নিজ কক্ষে তালাবদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীরা আবাসিক শিক্ষক পাক নেহাদ বানুকে প্রায় এক ঘণ্টা তালাবদ্ধ করে রাখেন। পরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. রোকনুজ্জামান শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করে তাকে উদ্ধার করেন।
হলের প্রাধ্যক্ষ মিলি জেসমিন ও আবাসিক শিক্ষক পাক নেহাদ বানুর বিরুদ্ধে দুর্ব্যবহার করার অভিযোগ করেন শিক্ষার্থীরা। তারা প্রশাসনের কাছেও অভিযোগ করে ওই দুই শিক্ষকের পদত্যাগ দাবি করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক হলের শিক্ষার্থীরা বলেন, হলের আবাসিক শিক্ষক পাক নেহাদ বানু ছাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এর আগেও তারা হলের বিভিন্ন অব্যবস্থাপনার কথা তুলে ধরে হলে প্রাধ্যক্ষ ও সহকারী আবাসিক শিক্ষকের পদত্যাগ দাবি করেছিলেন বলে জানান।
তাদের অভিযোগ, তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিল সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই ঠিক হয়নি। পাক নেহাদ আবারও শিক্ষার্থীদের সঙ্গে বাজে ব্যবহার করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজান উদ্দিন বলেন, “ওই হলের শিক্ষার্থীরা হলের অব্যবস্থাপনা এবং এক কর্মকর্তার খারাপ ব্যবহারসহ বিভিন্ন সমস্যার কথা আমাকে জানিয়েছিল। আমি ভেবেছিলাম হলের শিক্ষকরা সুধরে যাবেন, কিন্তু সমস্যার সমাধান হয়নি।”
এখন নতুন করে সবার সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে বলে জানান তিনি।
