২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ নেওয়ার অভিযোগে এসআই বরখাস্ত

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশের এক উপ পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2016, 07:52 PM

Updated : 20 Aug 2022, 01:44 PM

রোববার কাশিয়ানী থানার এসআই জায়েদ আব্দুল্লাহ বিন ছরোয়ারকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয় বলে জানান গোপালগঞ্জের পুলিশ সুপার এস এম এমরান হোসেন।

একই ঘটনায় কাশিয়ানী থানার ওসি একেএম আলী নূর হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এসপি বলেন, রাজু মোল্যা নামে এক সেনা সদস্যকে আটক করে ঘুষ নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এমন অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এসআই জায়েদকে সাময়িক বরখাস্ত এবং ওসিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সেনা সদস্য ছাড়া তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে জানান তিনি।

রাজু মোল্যার বাবা আছাদ মোল্যা বলেন, গত ১ সেপ্টেম্বর বিকেলে উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড থেকে নিজ বাড়ি মাজড়া গ্রামের যাওয়ার পথে এসআই জায়েদ আবদুল্লাহ ও কনস্টেবল আ. রহমান ভ্যানের গতিরোধ করে রাজু ও সোহেল মাস্টার নামে একজনকে  আটক করে।

“পরে তাদের দেহ তল্লাশি করে সোহেল মাস্টারের কাছে ইয়াবা পায়। এরপর তাদের দুজনকে থানায় নিয়ে গিয়ে সোহেলকে মাদক মামলায় চালান দেয় এবং চাকরির ভয় দেখিয়ে রাজুর কাছ থেকে ৮৫ হাজার টাকা ঘুষ নিয়ে একদিন পরে ছেড় দেয়।”

ঘটনার সত্যতা স্বীকার করে এসআই জায়েদ বলেন, “রাজু মোল্যা ও সোহেল মাস্টারকে আটকের পর যা কিছু হয়েছে ওসি স্যারের নির্দেশেই হয়েছে। তবে আমার বিরুদ্ধে অভিযোগ হওয়ার পর তিনি এ ব্যাপারে কোনো কিছুই জানেন না বলে এড়িয়ে যাচ্ছেন।”

তবে এ বিষয়ে কথা বলার জন্য ওসিকে ফোন করলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এ প্রতিনিধিকে তিনি বলেন, “সাক্ষাতে এ বিষয়ে কথা বলব।”