২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ আদায় ও হয়রানি: সিলেটে ৩ পুলিশ প্রত্যাহার

সিলেটে যানবাহন থামিয়ে যাত্রীদের কাছ থেকে অর্থ আদায় ও হয়রানির অভিযোগে এক এএসআইসহ তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2016, 03:23 PM

Updated : 20 Aug 2022, 01:44 PM

রোববার সকালে তাদের প্রত্যাহার করা হয় বলে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ।

এরা হলেন সিলেট কোতোয়ালি থানার সোবহানীঘাট ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোস্তাফিজুর রহমান, পুলিশ লাইনের কনস্টেবল রাজন ও পাভেল।

রহমত উল্লাহ বলেন, শনিবার রাত ৩টায় নগরীর মিরাবাজার ঝেরঝেরিপাড়া এলাকায় গাড়ি থামিয়ে তিন যুবককে ভয় দেখিয়ে অর্থ আদায় ও হয়রানি করেন মোবাইল টিমের দায়িত্বে থাকা এই তিন পুলিশ সদস্য।

“বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে তাদের প্রত্যাহার করা হয়।”

তাদের বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় মামলাসহ শাস্তির ব্যবস্থা করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।