সিংহ রাজার কাছে অবহেলায় ‘রানি বর্ষা’
রংপুর চিড়িয়াখানায় প্রায় দশ বছর নিঃসঙ্গ থাকা সিংহ ‘রাজা’ চট্টগ্রামের সঙ্গিনী ‘বর্ষাকে’ কাছে ভিড়তে দিচ্ছে না।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, ভাই চলে যাওয়ার কষ্ট কাটিয়ে উঠতে না পরায় নতুন সঙ্গীর বিষয়ে ভাবলেশহীন রয়েছে রাজা। সে ঠিকমতো খাওয়া-দাওয়াও করছে না।
প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের হস্তক্ষেপে ৩০ অগাস্ট রাজার ভাই বাদশাকে চট্টগ্রামের চিড়িয়াখানায় সিংহী নোভার সাথী হিসেবে নিয়ে যাওয়া হয়।
রংপুর চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. এস এম মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দীর্ঘদিন সঙ্গীহীন থেকে রাজাকে পেয়ে সিংহী বর্ষা ভীষণ উৎফুল্ল, কিন্তু বর্ষার প্রতি কোনো মালুম নেই রাজার।
“রাজাকে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে বর্ষা। রাজাকে বারবার জড়িয়ে ধরার চেষ্টা করলেও তাকে এড়িয়ে চলে রাজা। এক পর্যায়ে উভয়ের মধ্যে ঝগড়া বাধে। জখমের ভয়ে বর্ষাকে পাশের খাঁচায় রাখা হয়েছে।”
তাদের মধ্যে ভাব হয়ে গেলে অনুষ্ঠান করে বিয়ে দিয়ে এক খাঁচায় রাখা হবে বলে জানান তিনি।
মোশাররফ হোসেন জানান, ভাই বাদশাকে নিয়ে যাওয়ার পর থেকে খাওয়া দাওয়া ও ছেড়ে দিয়েছে সে। তবে রাজার নতুন সাথীকে দেখতে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় বেড়েছে।
চট্টগ্রাম চিড়িয়াখানার দুই বোন সিংহী নোভা ও বর্ষারও কোনো সঙ্গী না থাকায় প্রাণিসম্পদ মন্ত্রণালয় তাদের মেলানোর সিদ্ধান্ত নেয়।
এরপর ২৯ অগাস্ট বিকালে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে সিংহী বর্ষারানীকে রাজার সাথী হিসেবে আনা হয় রংপুরে। পরদিন বাদশাকে নিয়ে যাওয়া হয় নোভার সাথী করে।
গত ২১ সেপ্টেম্বর চিড়িয়াখানা কর্তৃপক্ষ ঘটা করে নোভা ও বাদশার বিয়ে দিলেও সাদামাটাভাবেই রাজার খাঁচায় দেওয়া হয় বর্ষাকে।
চিড়িয়াখানার প্রাণী তত্ত্বাবধায়ক নজরুল ইসলাম বলেন, দীর্ঘদিন একসঙ্গে থাকার পর ভাইকে হারানোর বেদনা কাটিয়ে উঠতে পারেনি রাজা। খাচ্ছেও না আগের মত। তবে স্বল্প সময়ে উভয়ের মধ্যে ভাব জমে উঠবে। অবসান ঘটবে একাকী জীবনের।
