কাঠগড়ায় নূর হোসেনের সঙ্গে আরেক আসামির হাতাহাতি
নারায়ণগঞ্জ আদালতের কাঠগড়ায় খাবার নিয়ে কথা কাটাকাটির পর সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের সঙ্গে আরেক আসামি র্যাবের হাবিলদার ইমদাদ হকের হাতাহাতি হয়েছে।
শনিবার দুপুরে বিরতির সময় আদালতে উপস্থিত সাংবাদিকদের সামনেই আসামিদের কাঠগড়ার ভেতরে এ ঘটনা ঘটে।
আদালত পুলিশের পরিদর্শক মো. সোহেল আলম বলেন, “আসামিপক্ষের আইনজীবী আবু বকর কাঠগড়ায় আসামিদের জন্য খাবার দিয়েছিলেন। এক প্যাকেট খাবার কম হওয়ার কারণে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। যা কিছু হয়েছে- তা কাঠগড়ার ভেতরে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।”
মেজর আরিফ হোসেনের আইনজীবী এদিন মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডলকে জেরা করেন। শুনানির পরবর্তী দিন রাখা হয়েছে বৃহস্পতিবার।
এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্যে নূর হোসেন ও র্যাবের চাকরিচ্যুত তিন কর্মকর্তাসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। নূর হোসেনের আইনজীবী অ্যাডভোকেট খোকন সাহা তার মক্কেলকে কাঠগড়ার বাইরে এনে বসানোর আবেদন জানালে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন তা নাকচ করে দেন।
বেলা দেড়টার দিকে আদালত মধ্যাহ্ন বিরতিতে গেলে নূর হোসেনের লোকজন আসামিদের জন্য খাবারের ব্যবস্থা করে। মুরগির বিরিয়ানির প্যাকেট কাঠগড়ায় আসামিদের মধ্যে দেওয়ার সময় একটি প্যাকেট কম পড়লে ঘটনার সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক র্যাব সদস্য ইমদাদ হকের হাতে দুটি প্যাকেট দেখে নূর হোসেন তাকে প্রশ্ন করেন। ইমদাদ কথা কাটাকাটির এক পর্যায়ে নূর হোসেনকে ঘুষি মারলে হাতাহাতি শুরু হয়। নূর হোসেনের সহযোগী আসামি মোর্তুজা জামান চার্চিল ও আলী আহম্মদ সে সময় ইমদাদকে কিল-ঘুষি মারতে শুরু করেন।
হাতাহাতি ও ধস্তাধস্তির মধ্যে কয়েক প্যাকেট বিরিয়ানি কাঠগড়ার মেঝেতে পড়ে যায়। দায়িত্বরত পুলিশ সদস্যরা এ সময় আসামিদের থামানোর চেষ্টা করেন।
এক সময় নূর হোসেনের দেহরক্ষী হিসেবে পরিচিত চার্চিলকে এ সময় বলতে শোনা যায়, “ফকিন্নির বাচ্চা র্যাবের সিপহির কত বড় সাহস, চেয়ারম্যান সাহেবকে ঘুষি মারছে।”
ইমদাদকে উদ্দেশ্য করে চার্চিল বলেন, “…তোদের জন্য আমরা কেইস খাইছি।”
এ সময় কাঠগড়ায় র্যাবের সাবেক কর্মকর্তা বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, বরখাস্ত মেজর আরিফ হোসেন এবং বরখাস্ত লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানা পরিস্থিতি শান্ত করতে নূর হোসেনকে হস্তক্ষেপ করতে বলেন।
পরে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, “নূর হোসেন যে কত বড় ভয়ঙ্কর সন্ত্রাসী, তার প্রমাণ আজকে সে দিল আদালতে কাঠগড়ায়।”
পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন বলেন, “তখন আদালত মুলতবি ছিল। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা ছিলেন। কাঠগড়ায় আসামিরা ছিল কোর্ট পুলিশের হেফাজতে। তারাই বিষয়টি ভালো বলতে পারবেন।”
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাসহ সাত জনকে অপহরণ করা হয়। তিন দিন পর তাদের লাশ উদ্ধার করা হয় শীতলক্ষ্যা নদী থেকে।
ওই ঘটনায় নজরুল ইসলাম ও তার ৪ সহযোগী হত্যার ঘটনায় তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি এবং সিনিয়র আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ির চালক ইব্রাহিম হত্যার ঘটনায় জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে আরেকটি মামলা করেন ফতুল্লা মডেল থানায়। প্রায় এক বছর তদন্ত শেষে ৩৫ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ।
