বরিশালে লঞ্চডুবি: নিহতের সংখ্যা বেড়ে ২৬
বরিশালে লঞ্চডুবির তৃতীয় দিনে আরও তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২৬ জন।
শুক্রবার সকাল থেকে দুপুরের মধ্যে ঘটনাস্থলের কিছুটা দূর থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয় বলে জানান বানারিপাড়া থানার ওসি জিয়াউল হাসান।
বুধবার দুপুরে বানারীপাড়া উপজেলার দাশেরহাটের মসজিদবাড়ি ঘাটে যাত্রী ওঠানোর সময় ‘এমএল ঐশী’ নামের লঞ্চটি ডুবে যায়। সেদিন ঘটনাস্থল থেকে ১৪ জনের আর বৃহস্পতিবার আরও ৯ জনের লাশ পাওয়া যায়।
শুক্রবার যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন - বানারিপাড়া উপজেলার জিরাকাঠি গ্রামের সায়েদ আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৪৫), উজিরপুর উপজেলার কেশবকাঠি গ্রামের খলিলুর রহমানের ছেলে জিদান (৮) ও পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার ইদেরকাঠি গ্রামের মনি শংকরের স্ত্রী আল্পনা রানী (২৫)।
ওসি জিয়াউল বলেন, সকাল থেকে দুপুরের মধ্যে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
বুধবার লঞ্চডুবির পর ১৪ জনের লাশ উদ্ধার ছাড়াও ২৫ জন নিখোঁজ থাকার কথা বলেছিল পুলিশ। ২৫ জনের মধ্যে বৃহস্পতিবার ৯ ও শুক্রবার ৩ জনের লাশ উদ্ধার করা হল।
বানারিপাড়া থানার পুলিশের কনট্রোল রুম থেকে এসআই মোস্তাফিজুর রহমান বলেন, বুধবার একই নিখোঁজ ব্যক্তির একাধিক স্বজন নিখোঁজ থাকার কথা বলেছিল। একই ব্যক্তি একাধিকবার তালিকাভুক্ত হওয়ায় পরে যাচাবাছাই করা হয়।
এখন পর্যন্ত জাকির ও রাজু নামে দুইজন নিখোঁজ রয়েছেন বলে তিনি জানান। স্থানীয়রাও এই দুইজন নিখোঁজ থাকার কথা বলেছে।
বিআইডব্লিউটিএর বরিশাল বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এর আগে বলেছিলেন, একটি ট্রলারের কাঠামো পাল্টে লঞ্চটি তৈরি করা হয়েছে।
ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকির হোসেনকে প্রধান করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে বরিশালের জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান জানিয়েছেন।
ডুবে যাওয়ার পরদিন বৃহস্পতিবার ভোরে উদ্ধারকারী যান নির্ভীক ঘটনাস্থলে এসে ডুবন্ত লঞ্চটি প্রায় তিন ঘণ্টার চেষ্টায় টেনে তোলে।
