২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহ্সান উল্লাহ মাস্টার হত্যা মামলার খালাস দুই আসামির মুক্তি

প্রয়াত সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় খালাস পাওয়া দুইজন কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2016, 08:09 PM

Updated : 20 Aug 2022, 01:42 PM

বৃহস্পতিবার ১২ বছর পর কাশিমপুর কারাগার-২ থেকে তাদের  মুক্তি দেওয়া হয় বলে জানান জেলার মো. নাশির আহমেদ।

এরা হলেন টঙ্গীর আউচপাড়া এলাকার মো. আজহার উদ্দিন সরকারের ছেলে রাকিব উদ্দিন ওরফে পাপ্পু সরকার এবং টঙ্গীর মরকুন এলাকার আব্দুল বারেকের ছেলে মো. আয়ুব আলী।

নাশির আহমেদ বলেন, আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আদালত প্রথমে ওই দুইজনকে ৩০ বছর করে কারাদণ্ড দেন। পরে উচ্চ আদালতে রিভিউ করলে আদালত তাদের ওই মামলা থেকে খালাস দেয়।

“আদালতের কাগজপত্র যাচাই বাছাই শেষে বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে তাদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।”

২০০৪ সালের ৭ মে গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় আহসান উল্লাহ মাস্টারকে গুলি চালিয়ে হত্যা করা হয়। তার সঙ্গে খুন হন ওমর ফারুক রতন নামে আরেকজন।