২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ছিনতাইকারীর গুলিতে দুই পুলিশ আহত

খুলনার রূপসা সেতু এলাকায় ছিনতাইকারীদের গুলিতে গোয়েন্দা পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2016, 07:55 PM

Updated : 20 Aug 2022, 01:42 PM

বৃহস্পতিবার সন্ধ্যার কিছু আগে এ ঘটনা ঘটে বলে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার এ এম কামরুল ইসলাম জানান।

আহতরা হলেন গোয়েন্দা পুলিশের কনস্টেবল শিশির ও মিকাইল। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে।

সহকারী কমিশনার কামরুল বলেন, রূপসা সেতু এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতির খবরে সেখানে উপস্থিত হয় গোয়েন্দা পুলিশের একটি দল। 

“পুলিশ ছিনতাইকারীদের ধাওয়া করলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুইজন কনস্টেবল আহত হয়।”

ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেলসহ লাভলু মিয়া ও বেল্লাল হোসেন নামে দুইজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।