গোদাগাড়ী সীমান্তে ১৫ বাংলাদেশি আটক
ভারতে পাচারকালে রাজশাহীতে চার নারীসহ ১৫ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার গোদাগাড়ী উপজেলার সাহেবনগর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয় বলে রাজশাহী বিজিবি ব্যাটালিয়ন-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহজাহান সিরাজ জানান।
আটকরা হলেন, ভোলার ইসমাইল হোসেন (৩০), পাবনার আবদুল (৩০), সুনামগঞ্জের আমিনুর (২৭), জাহান আলী (৩০), আকবর (৩০), আলামিন (২২), মকিবুল্লাহ (৩৩), ঢাকার সাভারের রাসেল (২১), রুবেল মণ্ডল (২৪), কুমিল্লার আশরাফুল (২৫), যশোরের নূরবাহার বেগম (৩৮), হাসিনা বেগম (৩৫), রোকেয়া বেগম (৩৫), তসলিমা বেগম (২৩) ও রাজশাহীর গোদাগাড়ীর টিটু শেখ।
ব্যাটালিয়ন-১ এর অধিনায়ক বলেন, বেলা ১১টার দিকে সাহেবনগর সীমান্তে জড়ো হওয়া ১৫ জনকে বিজিবি সদস্যরা আটক করে। ভালো কাজের প্রলোভন দেখিয়ে তাদের ভারতে পাচারের জন্য সেখানে আনা হয়েছিল প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে।
