কুড়িগ্রামে নির্মাণাধীন স্কুলের ছাদ ধসে আহত ২
কুড়িগ্রাম সদর উপজেলায় নির্মাণাধীন একটি স্কুলের ছাদ ধসে দুই শ্রমিক আহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে উত্তর কুমরপুর আবিরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন দ্বিতল ভবনের ছাদের একাংশ ভেঙে পড়ার ঘটনা ঘটে বলে ওই ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান জানান।
আহত দুলাল মিয়া (৩০) ও সমিনুর রহমানকে (১৮) কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ সময় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ঠিকাদার গোলাম মোস্তফাকে বিদ্যালয় কক্ষে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লোকজনকে শান্ত করে ঠিকাদারকে উদ্ধার করে বলে জানান তিনি।
কুড়িগ্রাম সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজল কুমার সরকার বলেন, বিষয়টি আমরা দেখছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা এবং এলজিইডির প্রকৌশলী এসে দেখে ব্যবস্থা নেবেন।
