২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস খাদে পড়ে মা-ছেলেসহ নিহত ৫

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাস খাদে পড়ে মা ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2016, 03:28 PM

Updated : 11 Oct 2022, 08:44 PM

বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মাটিরাঙ্গা থানার ওসি শাহদাত হোসেন টিটু জানান।

নিহতরা হলেন- জালিয়াপাড়ার মুসলিম উদ্দীন (৬০), শালবন এলাকার আরিফুল ইসলামের স্ত্রী মহিমা আক্তার, তাদের ছেলে আল আমিন (৬), বাস চালকের সহকারী তবলছড়ির সাহাব উদ্দীন এবং ব্যাঙমারা এলাকার অরবিন চাকমা ছেলে হৃদ্দি চাকমা (১৪)।
আহতদের মধ্যে রুপন দে (৩০) আশ্রাফ উদ্দীন (৪০) ও বিলকিস আক্তারকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের জেলা সদর হাসপাতাল ও সেনা মেডিকেল ক্যাম্পে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি শাহদাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমককে বলেন, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে তা রাস্তার পাশের দুইশ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

“আর আশঙ্কাজনক অস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে নেওয়ার পথে মারা যান মহিমা।”

সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।