ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে হত্যার অভিযোগ
জয়পুরহাটের পাঁচবিবিতে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।
বুধবার উপজেলার সরাইল গ্রামে এ ঘটনা ঘটে বলে পাঁচবিবি থানার ওসি আশরাফুল ইসলাম জানান।
মৃত আনোয়ার হোসেন স্বপন (৪৫) একই উপজেলার আবুল হোসেন মণ্ডলের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আশরাফুল বলেন, পারিবারিক কলহের জেরে সকালে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই স্বপনকে লাঠিপেটা করে ছোট ভাই মুনির।
“স্থানীয় কয়েকজন স্বপনকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজে নিয়ে যায়। বিকালে সেখানে তার মৃত্যু হয়।”
এলাকাবাসীর অভিযোগের পর মুনিরকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
