২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

ফেনীতে ২০ বছর আগের একটি হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2016, 06:27 PM

Updated : 20 Aug 2022, 01:42 PM

বুধবার ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সোনাগাজী উপজেলার চরলামছি এলাকার আবদুর রশিদের ছেলে ছুট্টু মিয়া ও একই উপজেলার চরকৃষ্ণজয় এলাকার গুচ্ছগ্রামের কামাল উদ্দিনের ছেলে মনির উদ্দিন ওরফে খোকন।

একইসঙ্গে তাদের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি)  দ্বিজেন্দ্র কুমার কংশ বণিক।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও পাঁচ আসামিকে খালাস দিয়েছে আদালত।

মামলার নথির বরাত তিনি জানান, ১৯৯৬ সালের ২০ ডিসেম্বর মধ্যরাতে ফেনীর সোনাগাজী উপজেলার চরসোনাপুর গ্রামের নুর নবীর বাড়িতে একদল ডাকাত হামলা করে। ডাকাতরা ঘরের মালামাল লুট করে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ধাওয়া করলে তারা কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মো. শাহাবুদ্দিন নামে এক ব্যক্তি নিহত হন।

“পরদিন  বাড়ির মালিক নয়জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয়ের আরও ১৫/২০ জনকে আসামি করে ডাকাতি ও হত্যা মামলা করেন।”

দীর্ঘ তদন্ত শেষে ১৯৯৭ সালের ২৭ মে সোনাগাজী থানার উপ-পরিদর্শক (এসআই) অরুন কুমার চন্দ্র সাত জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।