২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীনগরে বাস-লেগুনা সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বাস ও লেগুনার সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিন জন নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত পাঁচ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ ও দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2016, 06:08 PM

Updated : 11 Oct 2022, 08:43 PM

মঙ্গলবার দুপুরে ষোলঘর এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান হাসারা মহাসড়ক পুলিশ ফাঁড়ির এসআই মো. শহিদ।

নিহতরা হলেন- শ্রীনগর উপজেলার দেউলভোগ গ্রামের সুকুমার মণ্ডল (৫৫), তার স্ত্রী পারুল মণ্ডল (৪৮) ও কেটয়খালী গ্রামের ব্যবসায়ী ফরহাদ হোসেন (২৮)।

আহতদের মধ্যে আব্দুস সাত্তার (৭০), সজিব (২০), সনজিদা (১০), আয়নাল (৩৩) ও পারভীনকে (৪০) শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

নিহতরা সবাই লেগুনার যাত্রী বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনার পর উত্তেজিত জনতা কয়েক ঘণ্টা ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করেছে।

প্রত্যক্ষদর্শী মানিক জানান, ঢাকা থেকে মাওয়াগামী স্বাধীন পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে আরেকটি গাড়িকে পাশ কাটিয়ে যাওয়ার সময় রাস্তার ডান পাশের কাঁচা মাটিতে নেমে যায়।

“এ সময় বিপরীত দিক থেকে আসা নিমতলাগামী স্বাধীন পরিবহনের একটি যাত্রীবাহী বাস লেগুনাকে ধাক্কা দিলে দুইজন ঘটনাস্থলে নিহত হন। ঢাকা নেওয়ার পথে একজন মারা যান।”

এলাকাবাসী জানান, ব্যবসায়ী ফরহাদের মৃত্যুর খবর এলাকায় পৌঁছলে উত্তেজিত জনতা কেয়টখালী এলাকায় বেলা ২টা থেকে গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে রাখে। এ সময় রাস্তার দুপাশে প্রায় ৫ কিলোমিটার যানজট তৈরি হয়। বিকাল ৪টা পর্যন্ত রাস্তায় যানবাহন চলাচল বন্ধ ছিল।

মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) সামসুজ্জামান বাবু জানান, জনতাকে আশ্বস্ত করলে তারা রাস্তা থেকে অবরোধ তুলে নেয়। রেকার দিয়ে দুর্ঘটনা কবলিত যান দুটি সরানোর পর বিকাল ৪টা থেকে গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে।