ফেনীতে যুবলীগ নেতা গুলিবিদ্ধ
ফেনীর সোনাগাজীতে অভ্যন্তরীণ কোন্দলের জেরে যুবলীগের এক নেতা গুলি করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
সোমবার দুপুরে উপজেলার চরমজলিশপুর ইউনিয়ন চরবদরপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবীর জানান।
গুলিবিদ্ধ আনোয়ার খায়ের (৩৮) চরমজলিশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি।
তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অসীম কুমার সাহা ।
আনোয়ার খায়ের বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়।
“নির্বাচনের পর আমার ছোট ভাইকে ফারুক ও তার লোকজন পিটিয়ে ও গুলি করে আহত করে। ওই ঘটনায় তার বিরুদ্ধে মামলা করলে সে ক্ষিপ্ত হয়।”
তিনি অভিযোগ করেন, সোমবার দুপুরে নিজ বাড়ির সামনে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে ওমর ফারুক ও তার সহযোগী কামরুল ওরফে শাটার কামরুল তাকে এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যায়।
ওসি বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্তের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে কথা বলার জন্য ওমর ফারুককে একাধিক বার ফোন করলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
