অতিরিক্ত ভাড়া: বাগেরহাটে ৭ বাস মালিককে জরিমানা
অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে বাগেরহাটে সাত বাস মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল ও ফকিরহাট বাসস্ট্যান্ডে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, মোহাম্মদ আলী সিদ্দিকী ও মুহাম্মদ শাহরিয়ার মুক্তার।
এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, ঈদ পরবর্তী সময়ে বাগেরহাট থেকে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যানবাহনে অতিরিক্ত যাত্রী বোঝাই এবং বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে ফেইসবুকে এক ব্যক্তি জেলা প্রশাসনকে অভিযোগ জানায়।
“ওই অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে বাগেরহাট সদর ও ফকিরহাট বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
“এ সময়ে কাউন্টারের রেজিস্ট্রার এবং উপস্থিত যাত্রীদের কাছে থাকা টিকেট দেখে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় সাতটি বাসকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয় “
সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন করতে এবং যাত্রীসেবার নামে হয়রানি বন্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
