সাত খুন মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা
নারায়ণগঞ্জে সাত খুনের দুই মামলার তদন্তকারী কর্মকর্তাকে এক আসামির আইনজীবী জেরা করেছেন।
সোমবার সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত একটানা জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে এই জেরা অনুষ্ঠিত হয়।
জেরা শেষ না হওয়ায় বাকি জেরার জন্য আগামী ২৪ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ধার্য করে আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বলে জানান পাবলিক প্রসিকিউটর ওয়াজেদ আলী খোকন।
তিনি জানান, তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা বর্তমানে জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআই ওয়ান) মামুনুর রশিদ মন্ডলকে জেরা করেন আসামি সাবেক র্যাব কর্মকর্তা আরিফ হোসেনের আইনজীবী আব্দুর রশিদ ভূঁইয়া।
এ দুটি মামলায় ১২৭ জনের মধ্যে বাদী, তদন্ত কর্মকর্তাসহ ১০৭ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানান খোকন।
সকালে কড়া নিরাপত্তার মধ্যে মামলার প্রধান আসামি নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, এম এম রানা ও আরিফ হোসেনসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাসহ ৭ জনকে অপহরণের তিন দিন পর তাদের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় প্যানেল মেয়র নজরুল ইসলাম ও তার ৪ সহযোগী হত্যার ঘটনায় তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি এবং সিনিয়র আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ির চালক ইব্রাহিম হত্যার ঘটনায় জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে একটি মোট ফতুল্লা মডেল থানায় দুটি মামলা দায়ের করেন।
এ দুই মামলায় ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়েছে।
