বরগুনায় বাস শ্রমিক নেতাকে কুপিয়ে হত্যা
বরগুনায় এক পরিবহন শ্রমিক নেতা দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন।
নিহত হায়দার আলী (৪০) জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরি সদস্য ছিলেন।
রোববার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার আমলকীতলা গ্রামে নিজের বাড়ির সামনে তিনি আক্রান্ত হন বলে পুলিশ জানিয়েছে।
হায়দারকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হায়দার বালিয়াতলী ইউনিয়নের আমলকীতলা গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল কাদের মিয়ার সন্তান।
স্থানীয়রা জানায়, হায়দার আলিশ্যারমোড় বাস কাউন্টার থেকে রওনা হয়ে আমলকীতলায় বাড়িতে ঢোকার পথে ৬/৭ জন তাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়।
স্থানীয়রা হায়দারকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা বরিশাল নিয়ে যেতে বলেন।
বরগুনা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলেশ দেবনাথ সাংবাদিকদের বলেন, “তার শরীরে বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করা হয়েছে। অবস্থা গুরুতর বলে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”
বরগুনা সদর থানার ওসি রিয়াজ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ঘটনা শোনার সাথে সাথে তদন্ত শুরু করেছি। একই সাথে অপরাধীদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।”
