গৃহকর্মী নির্যাতন: গৃহকর্ত্রী মনি গ্রেপ্তার
গাজীপুরে শিশু গৃহকর্মী জান্নাতকে নির্যাতনের ঘটনায় গৃহকর্ত্রী স্কুল শিক্ষিকা মনি বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, শুক্রবার রাতে ঢাকার বাড্ডায় এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঈদে বাড়ি যেতে চাওয়ায় চাঁদপুরের শিশু জান্নাতকে (৯) পিটিয়ে জখম করার অভিযোগ ওঠে গৃহকর্তা ওমর ফারুক ও তার স্ত্রী মনি বেগমের বিরুদ্ধে।
জান্নাত চাঁদপুরের হাইমচর উপজেলার বাংলাবাজারের বেড়িবাঁধ এলাকার মিন্টু মাতব্বরের মেয়ে। বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই জান্নাতের এক প্রতিবেশী বাদী হয়ে জয়দেবপুর থানায় ওমর ফারুক, মোস্তাফা সর্দার ও মনি বেগমকে আসামি করে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা জয়দেবপুর থানার এসআই আবদুল আজিজ জানান, গৃহকর্মী নির্যাতনের ঘটনায় এর আগে গৃহকর্তা ওমর ফারুক ও তার ভায়রা মোস্তফা সর্দারকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাদের গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জান্নাতকে এক বছর আগে মোস্তফা সর্দার তার ভায়রা গাজীপুর শহরের ভুরুলিয়া এলাকার বাসিন্দা ওমর ফারুকের বাসায় কাজ করতে নিয়ে আসেন। ঈদের আগে গ্রামের বাড়ি যেতে চাওয়ায় এবং ঈদে জামা কিনে দিতে বলায় ওমর ফারুক ও তার স্ত্রী মনি বেগম মিলে জান্নাতের উপর নির্যাতর চালায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
শিশুটি বর্তমানে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
