২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারের এনাম মেডিকেলের পরিচালকসহ ৬ জনের নামে মামলা

ঢাকার সাভারে এক ব্যবসায়ীর বাসায় গোলাগুলির ঘটনায় এনাম মেডিকেলের পরিচালকসহ ছয়জনের নামে মামলা করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2016, 12:16 AM

Updated : 20 Aug 2022, 01:40 PM

ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের এএসআই এনায়েত হোসেন বাদী হয়ে শুক্রবার দুপুরে সাভার মডেল থানায় মামলা করেন বলে জানান এএসপি মাহবুবুর রহমান।

সাভারের গেন্ডা মহল্লায় সোমবার রাতে ঝুট ব্যবসায়ী পারভেজের বাসায় গোলাগুলির ঘটনায় লিটন মিয়া (৩৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন।

ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের এসআই মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, ঝুট ব্যবসায়ী পারভেজের বাসায় নিয়মিত জুয়া খেলা হয়, যাকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে।

গোলাগুলির সময় ছয় আসামি সেখানে উপস্থিত ছিলেন বলে তিনি জানান।

আসামিরা হলেন - এনাম মেডিকেল কলেজের পরিচালক সাইফুল ইসলাম, ব্যবসায়ী সোহেল রানা, ঝুট ব্যবসায়ী পারভেজ হোসেন, শান্ত খান, মনির হোসেন ও মোহাম্মদ আলী।

এএসপি মাহবুবুর রহমান বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রকৃত অপরাধী শনাক্ত করার চেষ্টা করছে।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক ও মামলার আসামি সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, তিনি ঘটনাস্থলে ছিলেন না।

লিটনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। তিনি আশুলিয়া থানার নলাম এলাকার কফিল উদ্দিনের ছেলে। সাভার বাজার বাসস্ট্যান্ডের সিটি সেন্টারে লিটন ফ্যাশন নামে তার একটি তৈরি পোশাকের দোকান রয়েছে।

ঘটনাটি প্রথমে গোপন রাখার চেষ্টা করা হয়। শুক্রবার মামলার পর সাংবাদিকরা ঘটনাটি জানতে পারেন।