২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ১১ জন কারাগারে

ফেনীর একটি আবাসিক হোটেল থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদকসহ ১১ নেতাকে আটকের পর কারাগারে পাঠানো হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2016, 08:18 PM

Updated : 20 Aug 2022, 01:40 PM

শুক্রবার বিকালে তাদের কারাগারে পাঠানো হয় বলে জানান ফেনীর আদালত পুলিশের পরিদর্শক নজিবুল ইসলাম।

তিনি বলেন, শুক্রবার ভোরে ফেনী শহরের একটি আবাসিক হোটেল থেকে পুলিশ তাদের আটক করে আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ফেনী সদর উপজেলা বিএনপির সভাপতি আইনজীবী সৈয়দ মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিএনপির কেন্দ্রীয় কমিটির একাধিক নেতাসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের আবাসিক হোটেল মিডনাইটে রাত্রিযাপন করেন।

“শুক্রবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদ করিম ও বিএনপির কেন্দ্রীয় নেতা আখতার হোসেন, ফেনী সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি বাবুল আহমেদ, ফেনী জেলা যুবদলের সহ-সভাপতি নুর নবী চৌধুরী, যুগ্ম সম্পাদক হামিদ খানসহ ১১ জনকে আটক করে।”

তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় তিন নেতাকে ৫৪ ধারায় আটক দেখিয়েছে পুলিশ। স্থানীয় অপর আট নেতাকে পুরনো কিছু মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

হয়রানি করার জন্যই তাদের আটক করা হয়েছে বলে দাবি করেন বিএনপির নেতা মিজানুর রহমান।