২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় সাকিবের জন্য মিলাদ

হেলিকপ্টার দুঘটনা থেকে রক্ষা পাওয়ায় ক্রিকেটার সাকিব আল হাসানের জন্য মাগুরায় মসজিদে মিলাদ দিয়েছে তার পরিবার।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2016, 05:04 PM

Updated : 20 Aug 2022, 01:40 PM

শুক্রবার জুমার নামাজের পর মাগুরা কোর্ট মসজিদে পরিবারের পক্ষ থেকে দোয়া পাঠ ও মিলাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার বাবা মাশরুর রেজা।

তিনি বলেন, “সাকিব কোরবানির ঈদের পর বৃহস্পতিবার ঢাকায় ফিরে গেছে। আজ (শুক্রবার) সে হেলিকপ্টার করে কক্সবাজার যায়।

“তাকে নামিয়ে ফেরার সময় হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। দেশবাসীর দোয়ায় আল্লাহ তাকে রক্ষা করেছেন।যে কারণে বাদ জুমা মাগুরা মসজিদে তার জন্য মিলাদ দেওয়া হয়েছে।”

শনিবার কেশব মোড়ের বাড়িতে ফকির মিসকিন খাওয়াবেন বলেও জানান মাশরুর রেজা।

তিনি বলেন, “ঘটনার পর সাকিবের সঙ্গে মোবাইলে কথা হয়েছে। সে ভাল আছে। আজই ঢাকায় ফিরে আসবে।”

কক্সবাজারের উখিয়ায় বেসরকারি বিমান পরিবহন সংস্থা মেঘনা এভিয়েশনের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। একটি বিজ্ঞাপনচিত্রে অংশ নিতে ওই হেলিকপ্টারে করে কক্সবাজারে যান ক্রিকেটার সাকিব আল হাসান। তাকে নামিয়ে ঢাকা ফেরার পথে দুর্ঘটনায় পড়ে হেলিকপ্টারটি।