ঈদফেরত পোশাক শ্রমিকদের বাস উল্টে নিহত ৫
টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় একটি বাস উল্টে পাঁচজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন।
গোড়াই হাইওয়ে থানার এলেঙ্গা ফাঁড়ির সার্জেন্ট জাহাঙ্গীর আলাম জানান, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে কালিহাতি উপজেলার পুংলী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সার্জেন্ট জাহাঙ্গীর জানান, লালমনিরহাটের পাটগ্রাম এলাকার একদল পোশাক শ্রমিক ঈদের ছুটি কাটিয়ে প্রভাতী-বনশ্রী পরিবহনের একটি বাসে করে গাজীপুরের সফিপুরে ফিরছিলেন।
“পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।”
আহত অবস্থায় ২০ জনকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয় বলে জানান জাহাঙ্গীর।
আহতদের টাঙ্গাইল মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে সার্জেন্ট জাহাঙ্গীর জানান।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মাহবুব হোসেন দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা এবং আহতদের ১০ হাজার করে টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
