ব্রাহ্মণবাড়িয়ায় জঙ্গি বিরোধী সমাবেশে ১৪৪ ধারা
আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী ছাত্র সমাবেশে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার শহীদ মিনার ও আশপাশ এলাকায় সব ধরনের সভা-সমাবেশের উপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোহাজ্জম আহমদ।
তবে সমাবেশের উদ্যোক্তাদের অভিযোগ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের অনুসারী উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশের বিরোধিতা করায় তার নির্দেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সমাবেশের অন্যতম উদ্যোক্তা জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম বি কানিজ বলেন, এক মাস ধরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী ছাত্র সমাবেশের প্রস্তুতি চলছিল। মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল ছাত্রদের অংশগ্রহণে সচেতন ছাত্র সমাজের ব্যানারে বৃহস্পতিবার বেলা ৩টা থেকে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
“কিন্তু বুধবার রাতে হঠাৎ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোহাজ্জম আহমদ ফোন করে আমাকে সমাবেশ বন্ধ করার নির্দেশ দেন। সমাবেশ বন্ধের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘মন্ত্রীর (মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাড. ছায়েদুল হক) নির্দেশ এখানে কোনো অনুষ্ঠান করতে দেওয়া যাবে না’।”
মন্ত্রীর অনুসারীরা সমাবেশের বিরোধিতা করায় তার নির্দেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।।
জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ বলেন, “মন্ত্রীর নির্দেশেই উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সমাবেশে ১৪৪ ধারা জারি করেছেন।”
সারা দেশে যেখানে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সমাবেশ হচ্ছে সেখানে নাসিরনগরে অনুষ্ঠান করতে না দেওয়াটা দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।
তবে মন্ত্রীর নির্দেশে সমাবেশে নিষেধাজ্ঞার জারির বিষয়টি অস্বীকার করে ইউএনও বলেন, “মন্ত্রীর নির্দেশে নয় বরং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।”
এ ব্যাপারে নাসিরনগর থানার ওসি মো. আবদুল কাদের বলেন, সমাবেশকে ঘিরে সংঘাতের আশঙ্কায় সমাবেশ স্থল ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনোভাবেই উপজেলার কোনো স্থানে কোনো ধরণের সমাবেশ করতে দেওয়া হবে না।
