২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে বাড়িতে ঢুকে হিজরা খুন

জামালপুরের ইসলামপুরে বাড়িতে ঢুকে এক হিজরাকে পিটিয়ে ও ছুরি মেরে হত্যা করা হয়েছে; এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2016, 02:50 PM

Updated : 12 Apr 2022, 02:52 AM

বুধবার গভীর রাতে উপজেলার পোড়ারচর গ্রামের বটচর এলাকায় এ ঘটনা ঘটে বলে জামালপুরের পুলিশ সুপার মো. নিজাম উদ্দীন জানান।

পুলিশ বলছে, নিহত হায়দর আলী পলি (৪৫) ছিলেন হিজরাদের একজন নেতা।

তার ছোট ভাই বাহাদুর (৩০) ও ভাতিজা ইব্রাহিম (১০) হামলায় আহত হয়েছেন। তাদের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার নিজাম জানান, রাতের কোনো এক সময় হামলাকারীরা হায়দর আলীর বাড়িতে ঢুকে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে এবং ছুরি মেরে পালিয়ে যায়।

“হায়দর ঢাকার কারওয়ান বাজার, গুলশান ও বারিধারা এলাকায় হিজরাদের মধ‌্যে প্রভাবশালী ছিলেন। আধিপত্য নিয়ে হিজরাদের আরেক নেতা খায়রুল ইসলাম স্বপ্নার সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।”

এর জের ধরেই হায়দরকে হত্যা করা হয়েছে কি না- তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সুপার জানান।

ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।