২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গরু বিক্রির টাকা ছিনতাই, অপহৃত ৫ জন

ঢাকায় গরু বিক্রি করে ফেরার পথে ঝিনাইদহের নয় ব্যবসায়ীকে পিটিয়ে ও অচেতন করে ১৫ লাখ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2016, 09:31 PM

Updated : 20 Aug 2022, 01:39 PM

রোববার রাতের এ ঘটনার শিকার গরু ব্যবসায়ীদের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রানীনগর গ্রামে।

পিটুনিতে আহত চারজনকে ছেড়ে দিলেও পাঁচ গরু ব্যবসায়ী ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন।

ছাড়া পাওয়া চারজন হলেন- আমোদ আলি ছেলে আছির উদ্দিন, খোরশেদ বিশ্বাসের ছেলে রায়হান বিশ্বাস, তার ছেলে ফরিদ হোসেন ও ওলিয়ার রহমানের ছেলে সোহান।

ধামরাই থানার এসআই দীপংকর রায় ও আহত গরু ব্যবসায়ী রায়হান বিশ্বাস জানান, রোববার রাতে ঢাকার খিলক্ষেত এলাকার পশুর হাটে গরু বিক্রি করে একটি ট্রাকে করে বাড়ি ফিরছিলেন শৈলকুপার নয় গরু ব্যবসায়ী।

রায়হান বিশ্বাস বলেন, “কিছুদূর যাওয়ার পর ট্রাকে থাকা ‘দুবৃর্ত্তরা’ ব্যবসায়ীদের পিটিয়ে ও অচেতন করে ১৫ লাখ টাকা ছিনিয়ে নেয়।”

ধামরাই এলাকায় এদের মধ্যে চার জনকে ফেলে দিয়ে বাকিদের নিয়ে তারা পালিয়ে যায়। সকালে তিনিসহ আহত চার জন ধামরাই পুলিশের সহায়তায় ঝিনাইদহ ফিরে আসেন বলে জানান রায়হান।

রায়হান জানান, তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, নয় জনের মধ্যে পাঁচ জনের খোঁজ পাওয়া যায়নি। 

ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল ঘটনাটি শুনেছেন বলে জানান।