২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ঈদগাহ মাঠে ১৪৪ ধারা

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় একটি ঈদগাহ মাঠের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়ায় দুই গ্রামবাসীর উত্তেজনাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2016, 08:31 PM

Updated : 20 Aug 2022, 01:39 PM

উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ‘দশপাড়া হজরত কবির উদ্দিন কামিল (এম.এ) ঈদগাহ মাঠ’সহ এর আশপাশে সোমবার রাত থেকে মঙ্গলবার সারাদিন ১৪৪ ধারা জারি করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. আবু ছালাম মিয়া বলেন, সোমবার সকালে ‘দশপাড়া হজরত কবির উদ্দিন (এম.এ) কামিল ঈদগাহ মাঠ’টির নাম পরিবর্তনের জন্য সমবেত হয় জাগির গ্রামের লোকজন।

“এ সময় দশপাড়া গ্রামের লোকজন বাধা দিলে দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে উভয় গ্রামবাসীর মধ্যে সমঝোতা করার চেষ্টা ব্যর্থ হয়। ফলে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন ঈদগাহ মাঠসহ এর আশপাশে ১৪৪ ধারা জারি করে।”

‘হজরত কবির উদ্দিন’ খোন্দকার মোস্তাক আহমেদের বাবা ছিলেন বলে ওসি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমিন বলেন, শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঈদগাহ মাঠসহ এর আশপাশে সোমবার রাত ১১টা থেকে ঈদের দিন মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

“ঈদের দিন ওই মাঠে ও আশপাশে কোরবানির পশু জবাই না করারও নিদের্শনা রয়েছে।”