ধ্বংসস্তূপ সরাতে মাস গড়াতে পারে: সেনাবাহিনী
টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলসের ধ্বংসস্তূপ সরাতে এক মাসের বেশি লাগতে পারে বলে জানিয়েছেন সেনাবাহিনীর উদ্ধারকারী দলের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল এএসএম মাহমুদ হাসান।
সোমবার সেনাবাহিনী উদ্ধার কাজ শুরুর পর দুপুরে তিনি একথা বলেন।
কমান্ডার মাহমুদ বলেন, কারখানার বিভিন্ন জায়গায় ইথাইলের ড্রাম রয়েছে, যেগুলো ঝুঁকিপূর্ণ। রাসায়নিকের ড্রামগুলো তারা স্পর্শ না করে কাজ করবেন।
রাসায়নিকের ঝুঁকি আছে এমন স্থানে কাজ করার অভিজ্ঞতা তাদের তেমন নেই উল্লেখ করে এই সেনা কর্মকর্তা বলেন, তারপরও যতটুকু সম্ভব সতর্কতা নিয়ে তারা কাজ করছেন।
ট্যাম্পাকোতে রানা প্লাজার চেয়ে বেশি গার্বেজ সৃষ্টি হয়েছে মন্তব্য করে ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ বলেন, উদ্ধার কাজ শেষ হতে কয়দিন লাগবে তা বলা মুশকিল।
তবে মাসের উপর লাগবে, এমনকি দুই মাসও লাগতে পারে, বলেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ব্রিগেডিয়ার জেনারেল এএসএম মাহমুদ হাসান
উদ্ধার কাজে গাজীপুর সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, গাজীপুর জেলা প্রশাসন ও পুলিশ তাদের সহায়তা করছে বলে জানান।
শনিবার সকালে টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলসে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৩৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। জেলা প্রশাসনের করা নিখোঁজের তালিকায় রয়েছেন ১০ জন।
