ট্যাম্পাকো: ঊদ্ধার কাজে যোগ দেবেন সেনাসদস্যরা
টঙ্গীর বিধ্বস্ত ট্যাম্পাকো ফয়েলস কারখানায় উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাসদস্যরাও যোগ দেওয়ার জন্য রেকি করেছেন।
রোববার রাত ৯টার দিকে লেফটেন্যান্ট কর্নেল সফিউল আজমের নেতৃত্বে সেনাসদস্যরা ঘটনাস্থল রেকি করতে আসেন বলে জানান গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম।
তিনি বলেন, উদ্ধার কাজে কী কী সরঞ্জাম প্রয়োজন হবে এবং কিভাবে কাজ শুরু হবে তা সরজমিনে দেখার জন্য সেনাসদস্যরা ঘটনাস্থলে আসেন। রোববার রাতে যৌথ বৈঠকের পর সিদ্ধান্ত হবে, কখন তারা কাজ শুরু করবেন।
শনিবার সকাল পৌনে ৬টার দিকে টঙ্গীর বিসিক শিল্পনগরীর ট্যাম্পাকো ফয়েলস কারখানায় বিকট শব্দে বয়লার বিস্ফোরিত হয়ে আগুন ধরে গেলে কারখানার ছাদ ও দেয়াল ধসে পড়ে। এ ঘটনায় রোববার রাত ১০টা পর্যন্ত ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এদিকে রোববার রাত ১০টায়ও কারখানার একাংশে থেমে থেমে আগুন জ্বলতে দেখা গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশাসন ও অর্থ) আনিস মাহমুদ।
