২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্যাম্পাকোর অগ্নিকাণ্ডের ‘সঠিক’ তদন্ত চান ড. কামাল

গাজীপুরের টঙ্গীতে প্যাকেজিং কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সঠিক তদন্ত চেয়েছেন গণফেরাম সভাপতি ড. কামাল হোসেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2016, 05:33 PM

Updated : 11 Oct 2022, 08:42 PM

রোববার দুপুরে টঙ্গীর বিসিক নগরীতে ক্ষতিগ্রস্ত ট্যাম্পাকো ফয়েলস কারখানা পরিদর্শনে এসে একথা বলে বিশিষ্ট এই আইনজীবী।

কামাল হোসেন বলেন, “তদন্তে আমরাও ভূমিকা রাখব। আমরা প্রশ্ন করব, জেরা করে আসল জিনিসটা বের করার চেষ্টা করব সবাই মিলে।”

এজন্য সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

এজন্য মিল মালিকের বক্তব্য নিতে হবে, যারা বয়লার ইন্সপেক্টর তাদের বক্তব্য নিতে হবে, যারা কাছে থেকে দেখেছে তাদের বক্তব্য নিতে হবে বলে তিনি মনে করেন। 

ড. কামাল বলেন, পত্রিকায় টঙ্গীর এ ঘটনাকে নিয়ে বিভিন্ন কথা উঠেছে। একজন শ্রমিক বলেছেন যে কারখানার বয়লার ব্লাস্ট হয়েছে, আবার বয়লার ইন্সপেক্টর বলেছেন গ্যাস পাইপের লিকেজ থেকে ওই অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনা ঘটেছে।

“তাই রাষ্ট্রীয় পর্যায়ে যারা তদন্ত করছে আমি মনে করি অগ্নিকাণ্ড ও ভবন ধসের পর যারা আহত হয়েছে ও বেঁচে আছে তাদের কাছ থেকেও তথ্য নিতে হবে।

“এ ব্যাপারে আন্তর্জাতিক আইনও রয়েছে, আইএলও’র আইনেরও আমরা সহযোগিতা নেব।”

তাজরীন ফ্যাশনস ও রানা প্লাজা ট্রাজেডির প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব ঘটনায় সরকারের জায়গাটায় দায়িত্ব নিয়ে যারা কাজ করছেন তারা সেই দায়িত্ব কতটুকু পালন করছেন সেটাও দেখতে হবে। 

এসময় তার সঙ্গে বাংলাদেশ টেক্সটাইল-গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের এসিস্টেন্ট জেনারেল সেক্রেটারি মো. গোলাম কাদের, স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভপতি শামীমা নাসরীন প্রমূখ উপস্থিত ছিলেন।

শনিবার সকালে ট্যাম্পাকো ফয়েলসে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। গাজীপুর জেলা নিয়ন্ত্রণ কক্ষ নয় নিখোঁজের তালিকা প্রকাশ করেছে।

ড. কামাল হোসেন জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষে নিখোঁজ শ্রমিকদের তালিকা দেখেন এবং তাদের স্বজনদের খোঁজ-খবর নেন।

নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম জানান, রোববার দুপুর পর্যন্ত ওই কারখানার নয় জন শ্রমিকের সন্ধান চেয়ে তথ্য দিয়েছেন তাদের স্বজনরা। সেখানে তাদের ছবিসহ নাম ও তথ্য সংগৃহীত রয়েছে।