কক্সবাজারে ভবনের সঙ্গে ধাক্কায় ৩ পিকআপ আরোহী নিহত
কক্সবাজারের উখিয়ায় ভবনের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় এক নারীসহ তিনজন নিহত হয়েছে।
শনিবার সকালে উপজেলার ছোট ইনানী এলাকায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি আবুল খায়ের।
নিহতদের মধ্যে একজন জালিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সিদ্দিক আহমেদের ছেলে জিয়া উদ্দিন (২৫) বলে জানালেও বাকি দুই জনের পরিচয় জানাতে পারেননি তিনি।
দুর্ঘটনা কবলিত গাড়িটি থেকে ১৩০০ ইয়াবার টুকরো উদ্ধার করা হয়েছে।
পুলিশের ধারণা, ‘ইয়াবা ছিনতাইকারীরা’ মোটরসাইকেল নিয়ে পিকআপ ভ্যানটি ধাওয়া করায় এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, টেকনাফের দিক থেকে আসা পিকআপটি ভ্যানটিকে পেছন থেকে একটি মোটর সাইকেল ধাওয়া করছিল।
“ছোট ইনানী এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে পাশের একটি ভবনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই এক নারীসহ পিকআপের তিন আরোহী নিহত হন।”
