শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে যাত্রীর ঢল
কোরবানির ঈদ সামনে রেখে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যের যাত্রীদের ঢল নেমেছে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে।
শুক্রবার সকাল থেকেই এই রুটে লঞ্চ, ফেরি, স্পিডবোটসহ সব নৌযান ও যানবাহনে উপচে পড়া ভিড় দেখা যায়।
নাব্য সংকটসহ ঘাটে নানামুখী সমস্যা থাকলেও ঈদে ঘরমুখো মানুষের আগমন থেমে নেই মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে।
শিমুলিয়া ফেরি ঘাটের অতিরিক্ত চাপের ফলে কাওড়াকান্দি ঘাটেও গরুবাহী ট্রাকসহ যানবাহনের দীর্ঘ লাইন পড়েছে।
দুপুরে উভয় ঘাটে ৫ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল।নাব্যতা সংকটে ফেরি পারাপার বিঘ্নিত হওয়া ও ধারণক্ষমতার কম যান নিয়ে ফেরি চলায় সংকট আরও বেড়েছে।
এদিকে মাদারীপুরের কাওড়াকান্দি ফেরি ঘাটে পর্যাপ্ত পুলিশ মোতায়েন না থাকায় ঘাটে আসা যানবাহনগুলো বিশৃঙ্খল অবস্থায় রয়েছে।
মাদারীপুরের পুলিশ সুপার মো. সারোয়ার হোসেন জানান, ঘাটে যে কোনো ধরনের অপতৎপরতা রোধে পুলিশ কাজ করছে।
