২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ‘কমিউনিটি পুলিশ’ পরিচয়ে বাসে ডাকাতি

ঢাকার সাভারে ‘কমিউনিটি পুলিশ’ পরিচয়ে চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে।  

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2016, 03:23 PM

Updated : 20 Aug 2022, 01:38 PM

বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। শুক্রবার বাসটি উদ্ধার করে সাভার থানায় নেওয়া হয়েছে।

সাভার মডেল থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল ‘এমকে নিউ লাইন’ পরিবহনের বাসটি।

“পথেগাজীপুরের চন্দ্রায় কমিনিউটি পুলিশ পরিচয়ে ১০-১২ জনের ডাকাত দল বাসটিতে উঠে অস্ত্রের ভয় দেখিয়ে চালক ও তার সহকারীকে বেঁধে ফেলে।

“পরবর্তীতে ডাকাতদল আশুলিয়া, আবদুল্লাপুর, গাবতলী ও সাভারসহ বিভিন্ন স্থান থেকে যাত্রী তুলে ও অস্ত্রের মুখে তাদের জিম্মি করে সিটের সাথে বেঁধে মালামাল লুট করে নিয়ে যায়।”

ওসি বলেন, ডাকাতি শেষে ভোরে কোনো এক সময় সাভারের উলাইল বাস স্ট্যান্ডে বাসটি ফেলে পালিয়ে যায় ডাকাতদল। খবর পেয়ে বাসটি উদ্ধার করেছে সাভার মডেল থানায় নিয়ে আসে পুলিশ।

বাসের চালক মুরাদ হোসেন বলেন, কমিনিটি পুলিশ পরিচয় দিয়ে ১০/১২ জন লোক এসে গাড়িতে উঠে অস্ত্র ঠেকিয়ে সকলকে বাসের সিটের সাথে বেঁধে লুটপাট করে চলে গেছে। বাসে তখন ১৭/১৮ জন যাত্রী ছিল।

স্বপন নামে এক প্রবাসী যাত্রী বলেন, বাড়ির লোকজনের জন্য ঈদের কেনাকাটা করেছিলাম, কিন্তু ডাকাতরা সব নিয়ে গেছে।

বাসের সুপারভাইজার আব্দুল লতিফ বলেন, “ডাকাতদের গায়ে কমিউনিটি পুলিশ লেখা ছিল। তারা সড়কে যানজট নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত বলে গাড়িতে উঠেছিল, কিন্তু আমরা তো বুঝতে পারিনি যে তারা ডাকাত।”

এর আগে বৃহস্পতিবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের শিমুলতলায় একটি গরুর ট্রাকের চালক ও তার সহকারীকে জিম্মি করে মারধররের পর ২১ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে ডাকাতরা।