রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু
রাজশাহীর পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন।
উপজেলার বানেশ্বরে বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে পুঠিয়া থানার ওসি হাফিজুর রহমান হাফিজ জানান।
এরা হলেন উপজেলার শিবপুর গ্রামের আনছার আলীর ছেলে আনিসুর রহমান (২৮) ও পাবনার ঈশ্বরদী উপজেলার আওপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে হাফিজুর রহমান (২৯)।
আহত শরিফুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি বলেন, রাত ১১টার দিকে বানেশ্বরে সৌর বিদ্যুতের খুঁটির কাজ করার সময় স্টিলের একটি খুঁটি পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের তারে লেগে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান আনিসুর।
“আহত হাফিজুর ও শরিফুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান হাফিজুর।”
তারা একটি বেসরকারি সংস্থার সৌর বিদ্যুতের খুঁটি বসানোর কাজ করছিলেন বলে জানান ওসি।
