চুরির অভিযোগে কিশোরের চুল কেটে গলায় জুতার মালা
গোপালগঞ্জে চুরির অভিযোগে কিশোরের চুল কেটে জুতার মালা গলায় দিয়ে বাজারে ঘোরানোর অভিযোগ পাওয়া গেছে।
বুধবার দুপুরে মুকসুদপুর উপজেলার রাগদী ইউনিয়নের টেকেরহাটের এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে জানান সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই জালাল উদ্দিন।
আটক কবির শেখ (৪৮) উপজেলার চরপ্রসন্নদি গ্রামের কালাই শেখের ছেলে।
নির্যাতিত কিশোরের বাবার আভিযোগ, তার ১৩ বছর বয়সী ছেলেকে মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে কবির শেখ ও তার ভাইয়েরা মারধর করে। পরে চুল কেটে জুতার মালা পরিয়ে টেকেরহাট বন্দরে ঘোরায়। পরে তারা তাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে।
খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায় বলে তিনি জানান।
এসআই জালাল বলেন, চুল কাটা ও হাত বাঁধা অবস্থায় টেকেরহাট পপুলার স্কুলের সমনে থেকে এক কিশোরকে উদ্ধার করা হয়েছে।
“তাকে মারধর করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারের সময় তার গলায় জুতার মালা পাইনি। মারধরকারীরা তার কাছ থেকে মোবাইল উদ্ধার করেছে বলে জানালেও তারা আমাদের কাছে উদ্ধারকৃত মোবাইল জমা দেয়নি।”
আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কবির ও উদ্ধার কিশোরকে মুকসুদপুর থানায় পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আটক কবিরের ভাই হবি শেখ বলেন, চা-দোকানির কিশোর ছেলে মঙ্গলবার রাতে তাদের বাড়ি থেকে একটি মোবাইল ফোনসহ মূল্যবান মালপত্র চুরি করে।
“বুধবার সকালে তাকে মোবাইলসহ আটক করি। সে এর আগেও আমাদের বাড়িতে চুরি করেছে।”
