নাটোরে পুলিশ পরিচয়ে প্রতারণা, একজনকে ২ বছর কারাদণ্ড
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পুলিশ পরিচয়ে টাকা আত্মসাতের অপরাধে একজনকে দুই বছর কারাদণ্ডসহ ছয় হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আটক আমিন উদ্দিনকে জেলহাজতে পাঠোনো হয়েছে।
ইউএনও বলেন, পুলিশ পরিচয়ে আমিন উদ্দিন বিভিন্ন স্থানে প্রতারণা করার কথা স্বীকার করেছেন। এ অপরাধে তাকে দুই বছর কারাদণ্ডসহ ছয় হাজার টাকা জরিমানা করে জেলহাজতে পাঠানো হয়েছে।
উপজেলার বড়বড়িয়া গ্রামের আব্দুস সালাম বলেন, রোববার তিনি তার দুই সহযোগীকে নিয়ে রাজশাহীর নওদাপাড়া হাটে গরু কিনতে গেলে আমিন উদ্দিন তাদের সঙ্গে প্রতারণা করেন।
“আমিন উদ্দিন নিজেকে পুলিশ পরিচয় দিয়ে আমাদের দেহ তল্লাশি করে জাল বলে দাবি করে ৩৮ হাজার টাকা নিয়ে যান। পরে আমি সেখানকার পুলিশের কাছে জানতে পারি, আমিন প্রকৃতপক্ষে পুলিশের কেউ না।”
খোঁজাখুঁজির একপর্যায়ে বুধবার সকালে আমিন উদ্দিনকে বড়াইগ্রামের আহম্মদপুর বাজারে দেখেতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আটক করে পুলিশে দেওয়া হয় বলে আব্দুস সালাম জানান।
