তিতাস নদীতে নৌকাবাইচ
বিপুল উৎসাহ-উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে প্রতিবছরের মতো এবারও ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা হয়েছে।
মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইলকান্দি শ্মশান ঘাট থেকে মেড্ডা কালাগাজীর মাজার পর্যন্ত তিতাস নদীতে জেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতা হয়।
প্রতিযোগিতা উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
এবারের প্রতিযোগিতায় বিভিন্ন স্থান থেকে ১৩টি নৌকা অংশ নেয়। প্রথম হয়েছে জেলার সরাইল উপজেলার ক্ষেমতাপুর, দ্বিতীয় নাসিরনগর, তৃতীয় হয়েছে বিজয়নগর উপজেলার বুল্লা গ্রাম।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক বশিরুল হক ভূঁইয়ার সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন, মুখ্য বিচারিক হাকিম মুনির কামাল, অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম সুলতান সোহাগ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন, বিজিএফসিএলের কোম্পানি সচিব মতিউর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির প্রমুখ।
