২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ট্রাকসহ ২৫ গরু ডাকাতির অভিযোগ

বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়ক থেকে কোরবানির পশুবোঝাই ট্রাক লুটের অভিযোগ পাওয়া গেছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2016, 09:54 PM

Updated : 20 Aug 2022, 01:36 PM

মঙ্গলবার সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগাব্রিজ এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকা ট্রাকচালক, সহকারী, তিন ব্যাপারি ও এক রাখালকে উদ্ধার করা হয়।

গরুর ব্যাপারি সোলায়মান আলী অভিযোগ করেন, সোমবার আমরা তিন গরু ব্যবসায়ী শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ বাজারের হাট থেকে কোরবানির ঈদ উপলক্ষে প্রায় ১৫ লাখ টাকা দিয়ে বিভিন্ন আকারের ২৫টি গরু ক্রয় করি।

“গরুগুলো একটি ট্রাকে করে সন্ধ্যায় চট্টগ্রামের উদ্দেশে রওনা হই। পথে ২০-২৫ জন সশস্ত্র ডাকাত মহাসড়কে ট্রাক দাঁড় করিয়ে ব্যারিকেড দিয়ে গতিরোধ করে। তখন রাত আনুমানিক ১টা। পরে সবাইকে হাত-পা বেঁধে মহাসড়কের পাশে ফেলে দিয়ে গরুভর্তি ট্রাক নিয়ে চলে যায়।”

তারা সবাই চট্টগ্রামের বাসিন্দা বলে তিনি জানান।

শেরপুর থানার ওসি খান মো. এরফান বলেন, বিষয়টি মঙ্গলবার সকালে জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছি। গরু ও ট্রাক উদ্ধারে বিভিন্ন জায়গায় ম্যাসেজ পাঠানো হয়েছে।