রংপুর মেডিকেলে র্যাগিং: ছাত্রলীগ নেত্রীসহ ১৪ জনকে শাস্তি
রংপুর মেডিকেল কলেজের দুই ছাত্রীকে র্যাগিংয়ে জড়িত থাকার অপরাধে কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি নুর-ই-সাবা আশাসহ ১৪ জনকে শাস্তি দিয়েছে কর্তৃপক্ষ।
এক থেকে তিন টার্ম পর্যন্ত পরীক্ষা স্থগিত ও ছাত্রীনিবাসের সিট বাতিল করার শাস্তি দেওয়া হয় বলে মঙ্গলবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান কলেজের অধ্যক্ষ অনিমেশ মজুমদার।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই ছাত্রীকে র্যাগিংয়ের অভিযোগ পাওয়ার পর গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে একাডেমিক কাউন্সিলের সভায় শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
অধ্যক্ষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কলেজের ভাবমূর্তি রক্ষা ও ভবিষ্যতে আর যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।”
তদন্ত কমিটির সদস্যসচিব কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক তামান্না হামিদ বলেন, “নির্যাতিতরা যে অভিযোগ করেছে তদন্তে তার সত্যতা পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত প্রতিবেদনে সুপারিশ করা হয়।”
যাদের তিন টার্ম পরীক্ষা স্থগিত করা হয়েছে তারা হলেন পঞ্চম বর্ষের ছাত্রী নুর-ই-সাবা আশা, মার্জিয়া ও চতুর্থ বর্ষে মুমু। চতুর্থ বর্ষের তম্বী, কেয়া ও তৃতীয় বর্ষের মিশুর দুই টার্ম, তৃতীয় বর্ষের তুতুল, স্বর্ণা, দ্বিতীয় বর্ষের নুসরাত প্রজ্ঞা, লিজা, সোমা ,মুনা, প্রথম বর্ষের তানসুছিলা ও জ্যোতির্ময়ীর এক টার্ম বৃত্তিমূলক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এছাড়া ছাত্রলীগকর্মী উত্তমা, নেহা, তানু, তুষি, মনিসা, রাফা ও দিতিকে তিরস্কার ও সতর্ক করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদের মধ্যে নুর-ই-সাবা আশা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি।
মেডিকেল কলেজ শাখা কমিটি অনুমোদনকারী রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতি সাফিউর রহমান স্বাধীন বলেন, “আমরা গত মাসে মেডিকেল কলেজে ছাত্রলীগের ৯ সদস্যের কমিটি দিয়েছি। সে কমিটির সহ-সভাপতি হলেন নুর-ই-সাবা আশা। অন্যরা ছাত্রলীগের কর্মী কি না সেটা আমার জানা নেই।”
গত ২৯ অগাস্ট রাতে মেডিকেল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি নুর-ই-সাবা আশার নেতৃত্বে একদল ছাত্রী দুই শিক্ষার্থীর কক্ষে ঢুকে তাদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। তারা তাদের রাতভর দাঁড় করিয়ে রাখেন এবং দুটি কক্ষের জিনিসপত্র তছনছ ও ভাংচুর করেন।
পরদিন সকালে নির্যাতিতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার পর গত বৃহস্পতিবার অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়ে নির্যাতনকারীদের শাস্তি দাবি করেন।
ওই দিনই কলেজের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের অধ্যাপক নুর ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। সোমবার অধ্যক্ষের কাছে তদন্ত প্রতিবেদন দেয় কমিটি।
