রামুতে ১৬ মামলার আসামি গুলিতে নিহত
কক্সবাজারের রামুতে ষোল মামলার এক পলাতক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের কথাও জানানো হয়।
মঙ্গলবার উপজেলার ঈদগাঁও-ঈদগড় সড়কের ঈদগাঁও ঢালার পাহাড়ি এলাকায় লাশটি পাওয়া যায় বলে জানান রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর।
নিহত রাশেদুল ইসলাম ওরফে রাহাত উল্লাহ (৩৮) কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব গজালিয়া এলাকার আলী আহমদের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি প্রভাষ বলেন, ঈদগাঁও ঢালার পাহাড়ী এলাকায় মঙ্গলবার ভোর রাতে স্থানীয় লোকজন গোলাগুলির শব্দ শুনতে পায়। সকালে সড়কের পাশে ঘন জঙ্গলের ভিতর একটি মৃতদেহ পড়ে থাকতে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
“পরে পুলিশ গিয়ে রাশেদুলের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থলে দেশে তৈরি একটি একনলা লম্বা বন্দুক, আট রাউন্ড কার্তুজ ও ছয় রাউন্ড কার্তুজের খোসাও পাওয়া যায়।”
ওসি বলেন, রাশেদুল একজন চিহ্নিত ডাকাত ও অপহরণকারী দলের সদস্য। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ ও বন আইনে কক্সবাজার সদর থানায় আটটি এবং রামু থানায় আটটি মামলা রয়েছে।
লুণ্ঠিত মালামাল ভাগ-বন্টনকে কেন্দ্র করে অপরাধী চক্রের মধ্যে দ্বন্দ্বের কারণে এ হত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি প্রভাষ।
