২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিকায় ‘অপহরণ’: টাঙ্গাইলে মুক্তিপণ নিতে গিয়ে আটক ২

আফ্রিকায় অপহরণের পর টাঙ্গাইলে মুক্তিপণ নেওয়ার সময় চক্রের দুই সদস্যকে আটকের খবর দিয়েছে র‌্যাব।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2016, 08:43 PM

Updated : 20 Aug 2022, 01:36 PM

মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের র‌্যাব-১২-এর টাঙ্গাইল কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী এ কথা জানান।

আটককৃতরা হলেন মির্জাপুরের হালপাড়া গ্রামের কামাল হোসেন ও তার সহযোগী জিয়াউর রহমান।

র‌্যাব কর্মকর্তা ফারুকী বলেন, রোববার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার আজিবপুর এলাকার সুরুজ মিয়া তার ব্যবসায়ী শ্যালক মাহবুবুর রহমান দক্ষিণ আফ্রিকায় অপহৃত হওয়ার অভিযোগ আনেন।

“গত ২৯ অগাস্ট অপহরণকারীরা মোবাইল ফোনে মাহবুবের পরিবারের কাছে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ৩০ লাখ টাকায় রফা হয় বলে সুরুজ মিয়া জানান।”

র‌্যাব কর্মকর্তা বলেন, অপহরণকারীরা সুরুজ মিয়াকে ঢাকা-মির্জাপুর বাইপাস সড়ক ধরে বামনহাটি আদালতপাড়া যেতে বলে। আগে জানানো একটি কোড নম্বর বলে সুরুজ মিয়া অপহরণকারীদের চিহ্নিত করেন।

“সোমবার রাতে সুরুজ মিয়া ৩০ লাখ টাকা দেওয়ার সময় র‌্যাব তাদের আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করে দক্ষিণ আফ্রিকায় অপহরণকারীদের পরিচয় নিশ্চিত হয় র‌্যাব। অপহরণকারীরা হলো আটক কামালের ছেলে মনির ও তার কয়েকজন সহযোগী।”

কামাল ও জিয়াকে আটকের খবর পেয়ে সোমবার রাতেই অপহৃত মাহবুবকে অপহরণকারীরা দেশটির রাজধানী কেপটাউনের একটি রাস্তায় ফেলে যায় বলে জানান র‌্যাব কর্মকর্তা ফারুকী।