যশোরে দুর্ঘটনায় ৩ স্কুলছাত্র নিহত
যশোর সদরে ট্যাংক লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন স্কুলছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান।
নিহতরা হলো- সাকিল (১৩), হিমেল (১২) ও আবু সাইদ (১২)।
এরা রূপদিয়া ওয়েলফেয়ার স্কুলের ছাত্র। সপ্তম শ্রেণির হিমেল যশোর সদরের চাউলিয়া গ্রামের আব্দুল্লাহ শোখের ছেলে, অষ্টম শ্রেণির সাকিল জিরাট গ্রামের লুৎফর রহমানের ছেলে এবং সপ্তম শ্রেণির আবু সাইদ কচুয়া গ্রামের রফিক মিয়ার ছেলে।
যশোর জেনারেল হাসাপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে আনার আগেই সাকিলের মৃত্যু হয়েছে। হিমেল ও আবু সাইদকে হাসপাতালে ভর্তি করা হয়।
সার্জারি বিভাগের চিকিৎসক মৌরিন জানান, হিমেল ও সাইদকে ঢাকা পাঠানোর জন্য বিকাল ৪টার দিকে অ্যাম্বুলেন্সে তোলার সময় হিমেলের মুত্যু হয়।
আবু সাইদের প্রতিবেশী সারোয়ার হোসেন বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা সোয়া ৭টার দিকে সাইদের মৃত্যু হয়েছে।
কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, যে ট্যাংক লরির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে সেটি হাইওয়ে পুলিশ আটক করেছে। তবে চালক পলাতক।
