মাদারীপুরে ৪ জনের ‘আত্মহত্যা’
মাদারীপুরের বিভিন্ন স্থানে একই দিনে কলেজছাত্রীসহ চার জনের আত্মহত্যার খবর পাওয়া গেছে।
সদর, কালকিনি ও রাজৈর উপজেলায় সোমবার বিভিন্ন সময় এসব ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
এই চারজন হলেন- সদর উপজেলার মোস্তফাপুরের সিঙ্গাপুর প্রবাসী আজিজুর বেপারীর স্ত্রী লিপি আক্তার (২৩), রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের সুমন সরদার (২১), একই উপজেলার বদরপাশা ইউনিয়নের নয়ানগর গ্রামের হারাধন বিশ্বাস (২৭) ও কালকিনি উপজেলার ডাসারের সুনীল ঢালীর মেয়ে রত্না রানী ঢালী (১৬)।
মাদারীপুর মডেল থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, সকালে ঘর থেকে ঝুলন্ত অবস্থায় লিপির লাশ উদ্ধার করা হয়।
লিপি ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
“এ ঘটনায় লিপির বাবার বাড়ি থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তখন ব্যবস্থা নেওয়া হবে,” বলেন ওসি।
রাজৈর থানার ওসি কামরুল হাসান বলেন, সোমবার সন্ধ্যায় পশ্চিম রাজৈর গ্রামের কদর সরদারের ছেলে সুমনের মৃতদেহ বাড়ির পাশের হলদিভিটার একটি চাম্বল গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
এর আগে দুপুরে একই উপজেলার বদরপাশা ইউনিয়নের নয়ানগর গ্রামের হরিপদ বিশ্বাসের ছেলে হারাধনের লাশ ঘরের দরজা ভেঙে আড়ায় সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলে জানান ওসি।
ডাসার থানার ওসি এমদাদুল হক বলেন, কালকিনি উপজেলার ডাসারের সুনীল ঢালীর মেয়ে রত্না রানী ঢালী ‘পারিবারিক কলহের জের ধরে’ রোববার রাতে বিষ পানে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
“কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়। সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”
রত্না স্থানীয় শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন বলে জানান ওসি।
